ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করাই বিএনপির আদর্শ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের বিভিন্ন মন্দিরের প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘু বলে কোনো কথা নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পরিচয় একটাই—আমরা সবাই বাংলাদেশি।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।