পাবনার সদর উপজেলায় বজ্রপাতের ভয়াবহ ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ দুর্ঘটনা ঘটে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, নিহত ও আহত ব্যক্তিরা বৃষ্টির সময় বিলের একটি পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরে অবস্থান করছিলেন। সেখানে সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের বয়স কিশোর ও তরুণ পর্যায়ের বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাছ ধরার উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই বিলে এসেছিলেন। দুপুরের পর আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি শুরু হলে কয়েকজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিলের মধ্যে থাকা একটি টঙ ঘরে ওঠেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিরা বেশ কিছু সময় ঘটনাস্থলেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে সময় লাগছে। পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।