কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর গহিন পাহাড়ে তিনটি মরদেহের মন্ধান মেলেনি।
শনিবার (৭ নভেম্বর) সকালে যৌথ বাহিনীর অভিযানে কোনো মরদেহ পাওয়া যায়নি। তবে মানবপাচারকারীদের ব্যবহৃত আস্তানা থেকে ছয় রাউন্ড গুলি, গুলির খালি খোসা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা যায়নি।
সকাল ছয়টার দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরসংলগ্ন পাহাড়ে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, এসআরবি ও পুলিশের সদস্যরা এ অভিযান চালান। এ সময় ড্রোনের সাহায্যেও পাহাড়ে নজরদারি করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযানে কোনো মরদেহ পাওয়া যায়নি। আপাতত অভিযান শেষ হলেও প্রয়োজনে আবারও অভিযান চালানো হবে।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর রঙ্গিখালীর পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন। ওই ঘটনায় ৫৬ জন জিম্মিকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের সন্দেহভাজন ছয় সদস্যকে আটক করা হয়।




