চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে সিআর পরোয়ানা রয়েছে। অন্যজন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টা থেকে বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্ব মাদারবাড়ির আরমান বেগ, বিদ্যুৎ আইনের সিআর-৪২৪/২৫ মামলার আসামি; মধ্যম হারলা এলাকার শম্ভু দাশ, সিআর-৩৭৪/২৫ (এনআই অ্যাক্ট) মামলার আসামি; এবং হারলা এলাকার মো. শাহজাহান (৫০)।
পুলিশ জানায়, শাহজাহান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মোবাইল কোর্ট মামলা নম্বর ১৪৫/২৬-এ দণ্ডিত ছিলেন। ওই মামলায় তাকে ২০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তার তিনজনকে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান চলবে।




