বরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাশেদ আমিন নামে আরেক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি সেতুর ওপর কাওসার, রাশেদসহ কয়েকজন যুবদল কর্মী কথা বলছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে আসা একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে কাওসার ও রাশেদ সেতুর নিচে পানিতে ঝাঁপ দিয়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় রাশেদ আমিনও গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তবে ঘটনার পেছনের কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহের তীর নিজ দলের কয়েকজন নেতা-কর্মীর দিকে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হয়নি।
নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।




