মায়ের সঙ্গে জীবিকার কাজে বেরিয়ে সোমেশ্বরী নদীতে নৌকাডুবিতে প্রাণ হারালেন এমদাদুল হক (৩৫)। বুধবার (১৪ অক্টোবর) ভোরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ঘাটের পুরোনো সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা তল্লাশির পর বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় তার মা বেঁচে ফিরলেও ছেলেকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন।
এমদাদুল উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৌতারী গ্রামের ইসমত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ভোরে মায়ের সঙ্গে ছোট নৌকায় করে বালু ও পাথর আনতে উজানের দিকে যাচ্ছিলেন তিনি। পথে পুরোনো সেতুর কাছে নৌকাটি বাঁশের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। মা-ছেলে দুজনই নদীতে পড়ে যান।
এ সময় এমদাদুল একটি বাঁশ ধরে আছেন বলে মাকে জানান। ছেলের কথায় আশ্বস্ত হয়ে তার মা সাঁতরে নদীর তীরে ওঠেন। কিন্তু পরে ছেলেকে দেখতে না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়। তারা উদ্ধার অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে এমদাদুলের মরদেহ উদ্ধার করে। নৌকাডুবির ঘটনায় শ্রমজীবী পরিবারটিতে শোক নেমে এসেছে।




