বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যখাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার কাজ করছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘রহমান ফাউন্ডেশন ও শক্তি’র উদ্যোগে মোবাইল হাসপাতাল স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতে স্বাস্থ্যখাতে অনিয়মের কারণে কোটি কোটি টাকা ব্যয়ে কেনা চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে রয়েছে। উপজেলা পর্যায়ে এমএসআর খাতের টেন্ডারের ৬০ থেকে ৭০ শতাংশ এবং জেলা পর্যায়েও বিভিন্ন টেন্ডারে লুটপাটের অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে স্বাস্থ্যখাতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, শিগগিরই ১৬ হাজার কোটি টাকার টেন্ডার কার্যক্রম শুরু হবে। এসব কাজ দুই বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশের আটটি বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে। আগামী দুই মাসের মধ্যে পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে। পাশাপাশি ১ হাজার ১৫০টি ডায়ালাইসিস মেশিন সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের মাধ্যমে এমন চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে না হয়। জনগণের অর্থের অপচয় বন্ধ করে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন করা হবে।




