উত্তরের জনপদ দিনাজপুরে শীতের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে ঘন কুয়াশা। সকালে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহন। অন্যদিকে আবহাওয়ার এমন পরিবর্তনে বাড়তি দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
দিনাজপুরে শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। তাপমাত্রা খুব বেশি না কমলেও ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে জনপদ। বিশেষ করে ভোর থেকে সকাল পর্যন্ত সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দৃশ্যমানতা কম থাকায় বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনকে হেডলাইট ও ফগ লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। চলতি মৌসুমে এদিন সবচেয়ে ঘন কুয়াশা দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কুয়াশার প্রভাব পড়তে শুরু করেছে কৃষিকাজেও। আমন ধান ঘরে তোলা, আলুর বীজ রোপণ এবং শীতকালীন সবজি উৎপাদন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে চাষিদের। ফসলের সুরক্ষায় বাড়তি পরিচর্যা ও ওষুধ প্রয়োগের প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সদর উপজেলার কৃষক আলম জানান, কয়েক দিন ধরে কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে সবজি উৎপাদনে বাড়তি অর্থ ব্যয় করতে হবে।
স্থানীয় কৃষক মাহফুজুল ইসলাম দিনারের মতে, সকালের ঘন কুয়াশা দেখে মনে হচ্ছে উত্তরের জনপদে শীতের প্রকোপ এবার ভালোভাবেই শুরু হয়েছে।
ঘুঘুডাঙ্গা গ্রামের কৃষক জুয়েল ইসলাম বলেন, আগাম আলু ও রবিশস্যের জন্য অতিরিক্ত কুয়াশা ক্ষতির কারণ হতে পারে। ফসল সুস্থ রাখতে বাড়তি স্প্রে করতে হলে উৎপাদন খরচও বেড়ে যাবে।
এদিকে কুয়াশার কারণে স্বাভাবিক কর্মব্যস্ততাতেও প্রভাব পড়েছে। পাইকারি বাজারে সবজি নিয়ে আসা কৃষক আবুজার জানান, ভোরে সড়কে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে দেরিতে বাড়ি থেকে বের হয়ে ধীরে ধীরে বাজারে পৌঁছাতে হয়েছে।
বাহাদুর বাজারে সবজি কিনতে আসা একরামুল ইসলাম বলেন, চাষিরা দেরিতে বাজারে পৌঁছানোয় সকালে সবজির বেচাকেনাও দেরিতে শুরু হয়েছে।
যানবাহন চলাচলেও তৈরি হয়েছে বাড়তি সতর্কতার প্রয়োজন। ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার বাস হেলপার সিরাজ জানান, আগের কয়েক দিনের তুলনায় মঙ্গলবার কুয়াশা অনেক বেশি ছিল। ফলে চালকদের হেডলাইট ও ফগ লাইট ব্যবহার করে চলাচল করতে হয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার চলতি মৌসুমের সবচেয়ে ঘন কুয়াশা দেখা গেছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।