বরিশালের বাবুগঞ্জে স্বামীর নির্যাতনে ঐশী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী সোহেল খান (২৮) ও সোহেলের ছোট ভাই তানভীর খানকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়।
নিহত ঐশী উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। তাঁর স্বামী সোহেল কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের কাদের খানের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি।
পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, দাম্পত্য কলহের জেরে চার দিন আগে সোহেল লোহার রড দিয়ে ঐশীর মাথায় আঘাত করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লাগে। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন ছিল।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে সোহেল ও তাঁর ছোট ভাই তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রাথমিকভাবে দাম্পত্য কলহের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।