কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে জেলেপল্লীর ৩৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাত ২টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৫ লাখ টাকার বেশি বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় দিদার জলদাসের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ঘনবসতিপূর্ণ জেলেপল্লীর সারিবদ্ধ ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দিদার দাস, চন্দ্র সেন, প্রেমদাস, বিকল দাস, সোহান দাস, রূপাল দাস ও পবিরন দাসসহ ৩৩টি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নয়ন দাস জানান, তার স্বামীর পিত্তথলির অস্ত্রোপচারের জন্য এনজিও থেকে ঋণ নেওয়া এক লাখ টাকা এবং স্বামীর ডিগ্রি পাসের মূল সনদপত্রসহ ঘরের সবকিছু আগুনে পুড়ে গেছে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল আহমেদ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ৩৩টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
আলী আকবর ডেইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদার জানান, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘরগুলো ঘনবসতিপূর্ণ ও একই সারিতে থাকায় আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক ও ত্রাণ সহায়তা দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।