সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের পক্ষ থেকে এসব উপহার দেওয়া হয়।
রবিবার দিনব্যাপী বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে ৯৬টি মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে নগদ অর্থ ও শাড়ি তুলে দেওয়া হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধান। সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিন।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম আজম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান সিকদার, বেলকুচি পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক অমৃত নারায়ণ দে এবং বেলকুচি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শঙ্কর শাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ যাতে আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের আনন্দ বাড়াতেই এ উপহার দেওয়া হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।




