চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ ও ৩৫ বোতল নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে ৫৩ বিজিবির অধীন মাসুদপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করা হয়।
একই রাতে সোয়া ১০টার দিকে মনোহরপুর বিওপির আরেকটি টহল দল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। পরে জব্দ করা মদ ও সিরাপ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত সুরক্ষা, পুশ ইন প্রতিরোধ এবং মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, চলতি অক্টোবর মাসে এ পর্যন্ত ২৩৭ বোতল বিভিন্ন ধরনের ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ৫৩ বোতল মদ এবং একজন আসামিকে আটক করা হয়েছে।