কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. করিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সঙ্গে জড়িত। রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ করিমকে হেফাজতে নেয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 
আটক মো. করিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের খারাংখালী মহেশখালীয়াপাড়া এলাকার বাসিন্দা। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাফিজ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।