চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের পক্ষে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সহায়ক গাইড বই বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া বুলার তালুক এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে বই তুলে দেন এমপির রাজনৈতিক সচিব মোহাম্মদ আকতার উদ্দীন ও অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সওদাগর, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহিউদ্দিন, যুবদল নেতা এয়াকুব নবী সুমন ও শওকত কামালসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মোহাম্মদ আকতার উদ্দীন বলেন, সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ মনে করেন, শিক্ষাই উন্নয়নের মূল চাবিকাঠি। অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যাতে পড়ালেখা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এমপির নির্দেশনায় পর্যায়ক্রমে চন্দনাইশ ও সাতকানিয়ার প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে অসহায় মেধাবী শিক্ষার্থীদের তালিকা তৈরি করে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হবে। এ উদ্যোগে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা যায়।