নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৈয়দপুর উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে একটি র্যালি বের হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পাঁচমাথা ট্রাফিক পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। এবারের প্রতিপাদ্য ছিল, ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
পরে নিসচা সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ মো. মাহফুজার রহমান রুবেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জিয়াউল হক জিয়া, আল-ফারুক একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও নিসচার সহসভাপতি মো. রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক কামাল ইবনে ফারুকী।
এ সময় সংগঠনের উপদেষ্টা আলহাজ মো. নাছিম রেজা শাহ, সহসভাপতি মো. রফিকুল ইসলাম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সহসাধারণ সম্পাদক সাংবাদিক এম. ওমর ফারুক, শিরিন আকতার, আইনবিষয়ক সম্পাদক আকতারুল হক সরকার, মোস্তফা কামাল, মনোয়ার হোসেনসহ সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।




