কক্সবাজারের রামুতে পাহাড়ি বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করেছে বনবিভাগ। বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকানসংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাজারকুল, উখিয়া ও পানেরছড়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কক্সবাজারের স্পেশাল ফোর্সের সদস্যরা অংশ নেন। রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও বনবিভাগের তথ্য অনুযায়ী, ওই এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ের বালু উত্তোলন করা হচ্ছিল। এ কাজে স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বাধীন একটি চক্র জড়িত বলে অভিযোগ রয়েছে।
আরও অভিযোগ রয়েছে, কক্সবাজার জেলা যুবদলের ফরিদ নামে এক নেতা বালুমহালটি ইজারা নিয়ে পরে নুরুল হকের নেতৃত্বাধীন একটি চক্রকে উপভাড়া দেন। ওই চক্র নিয়ম লঙ্ঘন করে বালু উত্তোলন করছিল বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে নুরুল হকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার বলেন, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।




