ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে জেলা শহরের প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে বাড়ির আঙিনা, আশপাশের নালা ও পানি জমে থাকে এমন স্থান পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান আয়োজকেরা।
র‍্যালি শেষে বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সুশান্ত পাল, সোহেল রানা ভূঁইয়া, আব্দুল হেকিম, সদর উপজেলা শাখার সদস্যসচিব নোমান আহমেদ, সদস্য খোকন মিয়া, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার, সোনালী সকালের জুবায়েদ আহমেদ, বিআইডব্লিউটিএর সারেং মো. আল আমিন ও পথপ্রাণী সুরক্ষা সংগঠক তাসিন আরাফাত প্রমুখ।
শামীম আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিচ্ছন্নতা অভিযান বা মশা নিধন যথেষ্ট নয়; প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও জনসমাগমস্থল পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত নজরদারি করতে হবে।
সভায় বক্তারা ডেঙ্গুর ঝুঁকি কমাতে ব্যক্তি, পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। জনসচেতনতা বাড়ানো এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন তারা।