‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানে যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোরে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর শাখার প্রধান সমন্বয়ক এস এম মাসুম বিপ্লব।
বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শ্রম অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবিতা খানম এবং যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন শেখ আপন।
এ ছাড়া শ্রম অধিকার পরিষদের যশোর জেলা সভাপতি হুমায়ুন কবির মনা, সাধারণ সম্পাদক তারেক হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান শাহীন ও সদর উপজেলা গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে অতিথি ও নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।




