বন্ধ থাকা দারোয়ানী রেলস্টেশন চালু এবং আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ৭টায় শুরু হওয়া এ কর্মসূচির কারণে সৈয়দপুর-চিলাহাটি রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রশাসনের আশ্বাসে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধের কারণে রূপসা ও সীমান্ত এক্সপ্রেস নির্ধারিত সময়ে চলাচল করতে পারেনি। প্রায় পাঁচ ঘণ্টা পর রেলপথটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের ভাষ্য, দারোয়ানী রেলস্টেশন একসময় এলাকার যোগাযোগ ও ব্যবসাবাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। আগে এখানে সব ট্রেন থামলেও বর্তমানে মাত্র একটি লোকাল ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। ফলে আন্তনগর ট্রেনে যাতায়াতের জন্য যাত্রীদের অন্য স্টেশনে যেতে হয়।
স্থানীয় বাসিন্দা জামিয়ার রহমান বলেন, দারোয়ানী স্টেশনে আন্তনগর ট্রেন থামলে এলাকার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা স্টেশনটি দ্রুত চালু করা প্রয়োজন।
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান বলেন, দারোয়ানীর ঐতিহ্য ও বর্তমান প্রয়োজন বিবেচনায় এখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া দরকার। উত্তরা ইপিজেড, বিজিবি ক্যাম্প এবং প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালের বিষয়টি বিবেচনায় নিলে স্টেশনটির গুরুত্ব আরও বাড়ে।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজও স্থানীয়দের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তার মতে, স্টেশনটি চালু হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির জানান, দারোয়ানী স্টেশন চালু এবং সেখানে ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে তিনি সংশ্লিষ্ট সচিবের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস পাওয়া গেছে।