কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানায়। এর আগে শনিবার রাতে উপজেলার বাগভান্ডার এলাকার সোনাতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মমিনুল ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মমিনুল দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদক মামলা কিংবা নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় চুরির একটি মামলাও রয়েছে। সম্প্রতি ডিবি পুলিশ পরিচয়ে এক বৃদ্ধকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।