চলন্ত ট্রেনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে রইল যাত্রীবোঝাই আটটি বগি। অন্যদিকে ইঞ্জিনের সঙ্গে যুক্ত তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায় মোহনগঞ্জ এক্সপ্রেস। শুক্রবার ময়মনসিংহের গফরগাঁওয়ে এ ঘটনা ঘটে।
বেলা সাড়ে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ট্রেনটির বগিগুলোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত থাকে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটির কয়েকটি বগির সংযোগ হুক ভেঙে যায়। ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা তিনটি বগি সামনে এগিয়ে গেলেও পেছনে আটটি বগি বিচ্ছিন্ন অবস্থায় থেকে যায়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় মেরামত শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি আবার ময়মনসিংহের পথে যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।