ময়মনসিংহের গৌরীপুরে অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ১৭টি ইটভাটা। এসব ভাটায় ইট তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে তিন ফসলি জমির উর্বর উপরিভাগের মাটি। এতে একদিকে কৃষিজমির উৎপাদনক্ষমতা কমছে, অন্যদিকে ধোঁয়া ও ধুলায় দূষিত হচ্ছে পরিবেশ।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলার কোনো ইটভাটারই পরিবেশগত ছাড়পত্র নেই। অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী কৃষিজমি থেকে মাটি কেটে ইট তৈরিতে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। আইন থাকলেও এর কার্যকর প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে।
পৌর শহরের গাঁওগৌরীপুর এলাকায় একটি ইটভাটায় আমছোলা গ্রামের তিন ফসলি জমি থেকে ট্রাকে করে মাটি নিয়ে যেতে দেখা গেছে। মাটি ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, কৃষকদের কাছ থেকে মাটি কিনে তিনি ইটভাটায় সরবরাহ করেন। এ জন্য প্রতি হাজারে কমিশন পান।
আমছোলা গ্রামের হযরত আলীর অভিযোগ, মাটি কাটার কারণে শুধু কৃষিজমিই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, গ্রামের কাঁচা রাস্তাও চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। একই গ্রামের নুর জাহান জানান, মাটিবাহী গাড়ির কারণে সৃষ্ট ধুলায় ঘরের খাবার পর্যন্ত ঢেকে যাচ্ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।
শালিহর গ্রামের বাসিন্দারাও ধুলাদূষণে অতিষ্ঠ। আব্দুল মোতালিব জানান, নতুন নির্মিত সড়কেও ফাটল দেখা দিচ্ছে। ইয়ার হোসেনের ভাষ্য, ধুলায় এলাকার বাতাস দূষিত হয়ে পড়েছে। নাক-মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, মাটির উপরিভাগের ৬ থেকে ১০ ইঞ্চি স্তরকে টপসয়েল বলা হয়। ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় জৈব পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস, পটাশসহ গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এ স্তরেই বেশি থাকে। মাত্র এক ইঞ্চি উর্বর টপসয়েল প্রাকৃতিকভাবে তৈরি হতে প্রায় ১০০ বছর সময় লাগে।
রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের কৃষক হাসিম উদ্দিন (৬৫) জানান, ভেকু দিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই জমির মূল্যবান উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে গ্রামের রাস্তা ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইটভাটার ধোঁয়ার কারণে সুপারি ও নারিকেল গাছে ফলন কমে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, অচিন্তপুর ইউনিয়নের তিন ফসলি জমি, সতিষার ধানের বীজ উৎপাদন কেন্দ্র, ডৌহাখলায় বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকা এবং বোকাইনগর ইউনিয়নের সবজি চাষের জমিতে ইটভাটা স্থাপন করা হয়েছে। কৃষিজমিকে অকৃষি দেখিয়ে এসব ভাটা গড়ে তোলার অভিযোগও রয়েছে।
ইটভাটার শ্রমিক আলী হোসেন জানান, একটি ইট তৈরিতে প্রায় পাঁচ কেজি মাটি লাগে। প্রতি বছর প্রতিটি ভাটায় ৪০ থেকে ৫০ লাখ ইট উৎপাদন করা হয়। ফলে বিপুল পরিমাণ মাটির প্রয়োজন হয়।
স্থানীয় কৃষক নবী হোসেন বলেন, প্রতি বছর ইটভাটার জন্য মাটির স্তূপ তৈরি করা হয়। পরে সেই মাটি দিয়ে ইট বানানো হয়। অন্যদিকে নুর আলীর অভিযোগ, প্রশাসনের অভিযান হলেও কিছুদিন পর আবার ভাটা চালু হয়ে যায়। চিমনি ভেঙে দেওয়ার পরও ইট পোড়ানোর কার্যক্রম চলার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক জানান, কৃষিজমির উপরিভাগের মাটি বিক্রি বন্ধে কৃষকদের সচেতন করার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। অবৈধ ইটভাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নুর কুতুব আলম সিদ্দিক জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। গৌরীপুরের ভাটাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।




