রংপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির আহ্বায়ক সেরাফুল হোসেন হিমেল, ক্রীড়া সংগঠক রুবায়েত হোসেন, শামীম খান মিসকিন ও পার্থ বোসসহ অন্যরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগের আট জেলার অনূর্ধ্ব-১৮ দল অংশ নিচ্ছে। রংপুর ক্রিকেট গার্ডেন ও ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে।




