শিক্ষার্থীদের অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক অবক্ষয় রোধে সাতক্ষীরায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণকে নিয়ে সচেতনতামূলক সমাবেশ করেছে কমিউনিটি পুলিশিং। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির এবং ট্রাফিক ইন্সপেক্টর এডমিন গৌরাঙ্গ পাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান।
বক্তারা বলেন, কিশোর-তরুণদের মাদকাসক্তি, বাল্যবিবাহ, উত্ত্যক্তকরণসহ নানা অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, শুধু পুলিশের তৎপরতায় অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন বক্তারা।