কক্সবাজারের সুগন্ধা সৈকত পয়েন্ট এলাকার হোটেল দ্য সি-প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা তিন শতাধিক পর্যটক। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে হোটেলের নিচতলার জেনারেটর কক্ষে আগুন লাগে। পরে হোটেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত একটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই হোটেলের কর্মীরা আগুন নেভান। পরে ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি যাচাই করে হোটেলটিকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়।
প্রাথমিক তদন্তে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে আরও যাচাই প্রয়োজন।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের জানান, অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় এবং কর্মীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। হোটেলে থাকা পর্যটকেরা নিরাপদ রয়েছেন। এর আগে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু হয়। ওই ঘটনার সাত দিনের মাথায় আরেকটি পর্যটন আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।