মন্ত্রীকে দেড় মিনিটের বক্তব্যে ৩৫ বার ‘স্যার’ সম্বোধন—এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিমকে ঘিরে। বুধবার (২১ অক্টোবর) এক অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যে স্থানীয় উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার, সরকারি কর্মসূচির সুবিধা এবং নবম পে-স্কেল নিয়েও কথা উঠে আসে।
রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে সকাল ১১টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
চাইলেন সার্ভেয়ার কলেজ
রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে ইউএনও বলেন, ভূমিসংক্রান্ত কাজে দক্ষ সার্ভেয়ারের চাহিদা রয়েছে। সরকার কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়ায় এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী হতে পারে। রাজারহাটে কলেজটি প্রতিষ্ঠা করা গেলে উত্তরাঞ্চলের অনেক মানুষ উপকৃত হবেন বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধও জানান।
চাল বিতরণ থেকে পে-স্কেল
অনুষ্ঠানে রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তানজিলা তাসনিম। ভিজিএফের চাল বিতরণে আলাদা বস্তা ব্যবহারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে তুলে ধরে তিনি বলেন, এতে চাল ওঠানো-নামানো ও পরিবহনের ক্ষেত্রে আগের কিছু জটিলতা কমতে পারে।
এ ছাড়া সরকারি চাকরিজীবীদের প্রতিনিধি হিসেবে নবম পে-স্কেল প্রণয়নের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। নতুন বেতনকাঠামো কর্মচারীদের কাজের আগ্রহ বাড়াবে বলেও বক্তব্যে উল্লেখ করেন ইউএনও।
অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় উন্নয়ন ও সরকারি উদ্যোগ নিয়ে বক্তব্য দিলেও তানজিলা তাসনিমের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে মন্ত্রীকে বারবার ‘স্যার’ বলা। দেড় মিনিটে ৩৫ বার সম্বোধনের বিষয়টি ঘিরে সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের রীতিও আলোচনায় এসেছে।




