কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১৭০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ টাকা, মোটরসাইকেল ও চারটি মুঠোফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার কানিপাড়া বদিজমাপুর এলাকায় অভিযান চালিয়ে মো. রেজাউল করিম রাজু (৫০), মো. ফজলে মিয়া (৪৮) ও মো. রাসেল মিয়া (৩৫) কে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ২৬ হাজার ৭৯০ টাকা এবং একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদের নেতৃত্বে থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। অপর আসামি ফজলে মিয়ার বিরুদ্ধেও নাগেশ্বরী থানায় একটি মাদক মামলা রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা কুড়িগ্রাম, লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকা এবং ঢাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। বুধবার জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।




