চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট ফ্লেয়ার ও চারটি ছোরাসহ নওশেদ আলম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত নওশেদ আলম মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে নওশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট ফ্লেয়ার ও চারটি ছোরা উদ্ধার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।