দীর্ঘ মেয়াদে খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, পারস্পরিক জ্ঞান বিনিময় ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
সোমবার সকালে সচিবালয়ে খাদ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে দুই দেশের খাদ্যশস্য আমদানি, দীর্ঘ মেয়াদে খাদ্য সংরক্ষণ, বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
খাদ্যমন্ত্রী বলেন, গত অর্থবছরে পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়েছিল। চাল নির্ধারিত সময়ে দেশে পৌঁছেছে এবং এর মানও সন্তোষজনক ছিল। তিনি পাকিস্তানের বাসমতী চালের প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। তবে দীর্ঘ মেয়াদে খাদ্যশস্যের গুণগত মান বজায় রেখে সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে পাকিস্তানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় বাংলাদেশের খাদ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে সহায়ক হতে পারে।
পাকিস্তানের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর ফলে মানুষের যাতায়াত ও পারস্পরিক যোগাযোগ সহজ হয়েছে। বিশেষ করে করাচিতে বসবাসরত মানুষ এর সুফল পাচ্ছেন। তিনি বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, পাকিস্তানে বাংলাদেশের সিরামিক পণ্য, পান ও আনারসের চাহিদা রয়েছে। এ ছাড়া পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পূর্ণ অর্থায়নে বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ কাজে লাগাতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। শিক্ষা, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা যেতে পারে।
সাক্ষাতে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাশে ওয়াকাস ইয়াসিন, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।