রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনায় ছয় ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর সংযোগ স্বাভাবিক হয়েছে। আকস্মিক এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি রোগীরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক শাখার পাশে একটি সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কর্তব্যরত নার্স আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যাওয়ায় পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় আতঙ্কিত স্বজনেরা রোগীদের নিয়ে ছোটাছুটি শুরু করেন। অনেক রোগী ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর তাদের আবার ওয়ার্ডে নেওয়া হয়।
দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় দুপুরে লাইনের ত্রুটি মেরামত শেষে ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। বিদ্যুৎ সচল হওয়ার পর ডায়ালাইসিস, আইসিইউসহ জরুরি চিকিৎসাসেবা পুরোপুরি চালু হয়েছে। তবে বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের প্রশাসনিক ভবনে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) কানিজ সাবিহা জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। প্রশাসনিক ভবনে সংযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।