সিরাজগঞ্জের কাজীপুরে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করার ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি হাওলাদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রাম প্রসাদ হালদার (৩০) ও তার মেয়ে কিরণমালা (১৩)।
থানা সূত্রে জানা গেছে, সোমবার রাম প্রসাদ হালদার ও তার মেয়ে কিরণমালা তরলজাতীয় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতালে নেওয়ার পথে কিরণমালার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তার বাবা রাম প্রসাদ হালদারও মারা যান। পারিবারিক কলহের কারণে তারা কীটনাশক পান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




