কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৬ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ও বুধবার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার সালদানদী এবং কসবার খারেরা সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালানো হয়।
৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় পরিচালিত অভিযানে প্রথম দফায় ৫০ লাখ ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় দফায় ২৫ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়। উদ্ধার করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৯৩ হাজার টাকা।
বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




