খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তা জোরদারে রাতে একা চলাচল না করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। দায়িত্ব পালন ও বিশেষ অভিযান পরিচালনার সময় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় চলমান বিশেষ অভিযানের কথা উল্লেখ করে রাতে একা চলাচল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় অভিযান শেষে ফেরার পথে সাদা পোশাকে থাকা এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন। ওই ঘটনার পর পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ৪৩ বছর বয়সী ওই কর্মকর্তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।




