চট্টগ্রামের চন্দনাইশে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় আহমদ ছফা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি সেতুসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহমদ ছফা চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম কবির আহমদ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মহাসড়ক পার হওয়ার সময় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে অন্য যানবাহনকে ওভারটেক করতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মোরশেদুল আলম, যিনি গাছবাড়িয়া কলেজ গেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বাসটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।