পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ভারতীয় নেশাজাতীয় সিরাপ বহনের অভিযোগে কাদেরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল পাটসিঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ৮০ বোতল ‘উইনসেরেক্স’ কফ সিরাপ উদ্ধার করে।
১৮ বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৬ নম্বর সাব পিলার থেকে প্রায় ৬০০ গজ ভেতরে তল্লাশির সময় ১০০ মিলিলিটার ধারণক্ষমতার ৮০ বোতল সিরাপ পাওয়া যায়। উদ্ধার করা এসব সিরাপের আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক কাদেরুল পঞ্চগড় সদর উপজেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য পণ্য চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।