উন্নয়নবঞ্চিত উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে বড় বরাদ্দ দিয়ে কাজ করছে সরকার। শিল্প-কলকারখানা স্থাপনের মাধ্যমে এ অঞ্চলে কর্মসংস্থান বাড়ানো ও বেকারত্বের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু। শুক্রবার বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেট নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নোট অব ডিসেন্ট বা ভিন্নমত নিয়ে আলোচনা করবে সরকার। সংবিধান সংস্কারবিষয়ক সভায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো জুলাই সনদ অনুযায়ী সংবিধানে সংশোধন করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং জেলা প্রশাসক ইসরাত জাহানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এক কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে শহীদ আবু সাঈদ গেট নির্মাণ করা হচ্ছে। ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।