সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হলদী খালী খাল এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল ও দুটি কাঠের নৌকা জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকায় হরিণ শিকারিদের প্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনকর্মীদের একটি দল হলদী খালী খালে অভিযান পরিচালনা করে। এ সময় বনের ভেতরে সন্দেহজনকভাবে অবস্থানরত কয়েকজনকে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার চেষ্টা এবং হরিণ শিকারের ফাঁদ পাতার অভিযোগে আটক করা হয়।
বন বিভাগের দাবি, অভিযানের সময় পালানোর চেষ্টা করলেও ছয়জনকে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোংলা থানার ছবেদখান এলাকার হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করে হরিণ শিকার ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার চেষ্টা চলছিল। স্মার্ট প্যাট্রোলিং ও টহল ফাঁড়ির তৎপরতায় তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বন বিভাগ জানায়, জব্দ করা নৌকা, জাল ও ফাঁদ চরাপুটিয়া টহল ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর কথা রয়েছে।