দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা থাকলেও কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের পথে হাঁটছে না সরকার। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশে কারফিউ জারি, লকডাউন কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
রবিবার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনায় আয়োজিত তৃতীয় সভায় যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন।
রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন বাহিনীর অতিরিক্ত সতর্কতা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এসব কার্যক্রম নিয়মিত ব্যবস্থাপনারই অংশ। পরিস্থিতির ধরন বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করে।
কারফিউ, লকডাউন অথবা সেনাবাহিনী নামানোর বিষয়ে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, ‘কোনো পরিকল্পনা নাই।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ আছে কি না, জানতে চাইলে তার উত্তর ছিল, ‘কোনো শঙ্কা নাই।’
এদিকে শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নওডোবা এলাকায় সংঘর্ষের খবর পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি দুই পক্ষের মধ্যে বিরোধ বা সংঘাতের ফল বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত এখনো হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।