দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শুধু অবকাঠামোই নয়, শিক্ষার মান নিশ্চিতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। সরকারি বিদ্যালয়ে বিনা মূল্যে বই, উপবৃত্তি ও অন্যান্য সুবিধা দেওয়ার পরও শিক্ষার্থীরা কেন অন্য প্রতিষ্ঠানে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে।
শুক্রবার (৩০শে অক্টোবর) বিকালে লালমনিরহাটের বানিয়াটারীতে প্রায় আট কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট সরকারি বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী নির্মিতব্য ভবনের ব্যবহার প্রসঙ্গে বলেন, বন্যার সময় ভবনটি স্থানীয় জনগণ, নারী, প্রতিবন্ধী ও গবাদিপশুর আশ্রয়ে ব্যবহৃত হবে। অন্য সময়ে এটি ব্যবহৃত হবে বিদ্যালয়ের কার্যক্রমে। এছাড়াও তিনি বিদ্যালয়ের খেলার মাঠ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
উন্নয়নকাজ অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী সম্পন্ন করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে অনিয়ম, ঘুষ, চাঁদাবাজি বা আর্থিক লেনদেন বরদাশত করা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ প্রতিষ্ঠানের উন্নয়নেই ব্যয় করতে হবে। তিনি শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতে মাদক ও জুয়া প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো: আখতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. ইনসাফুল হক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।