দিনাজপুরের বিরামপুরে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৮০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে সরাসরি সাক্ষাৎকার ও তাৎক্ষণিক চাকরির সুযোগ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মেলায় অংশ নিতে ১৬ হাজার ৩ জন চাকরিপ্রত্যাশী নিবন্ধন করেছেন। আয়োজকদের ধারণা, মেলায় প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেবেন।
মেলায় ইউনিসেফ, ডব্লিউএফপি, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাকসহ বিভিন্ন আন্তর্জাতিক ও উন্নয়ন সংস্থা অংশ নেবে। এ ছাড়া প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপ, কাজী ফার্মস, বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, রবি, পাঠাওসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
চাকরিপ্রত্যাশীদের জন্য সরাসরি সাক্ষাৎকারের পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন ও দক্ষতা উন্নয়নে পরামর্শ দেওয়ার ব্যবস্থাও থাকবে। চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের সঙ্গে করপোরেট ও উন্নয়ন খাতের প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে দিনাজপুর-৬ আসনসহ উত্তরাঞ্চলের তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার পথ সুগম হবে।
বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’।




