ভারতের মাটিতে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে বাংলাদেশের মানুষ কখনো ভারতকে গ্রহণ করবে না। ভারতের উচিত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামে অসুস্থতাজনিত কারণে মারা যাওয়া জুলাইযোদ্ধা বিপ্লব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন অভিযোগ করেন, ভারতের মাটিতে অবস্থান করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরে সহযোগিতা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়নের কথাও বলেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, এটি কোনো আলোচনা বা সমঝোতার বিষয় নয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা সম্ভব। তার অভিযোগ, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব বলেন, সমসাময়িক পরিস্থিতি নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। চব্বিশের গণঅভ্যুত্থানের আগে ও পরে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে এনসিপি সক্রিয় ছিল। ভবিষ্যতেও দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে দলটি কাজ করবে। দেশের পুনর্গঠন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আখতার হোসেন বলেন, জনগণের বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে এনসিপি। এর মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গঙ্গা চুক্তি নবায়ন এবং জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের বিষয় রয়েছে। সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিলে জনগণ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরে আখতার হোসেন কাউনিয়া ডিসি-ডব্লিউডিবি বাঁধ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন।




