প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে পরিবেশবান্ধব কর্মসূচি পালন করেছে ছাত্রদল। শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ বাড়াতে কলেজের ১৯টি বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির চারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব ভাস্কর্য’-এর সামনে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ফুলের গাছের চারা বিতরণ করা হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কলেজ শাখা ছাত্রদল এ উদ্যোগ নেয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
চারা বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান হাবীব, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহসিন উদ্দীন এবং ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোসা. শিরিনা খাতুন।
ছাত্রদলের নেতারা জানান, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ করে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা ও পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতেও উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। বিতরণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা করে সেগুলো বড় করে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নেতারা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, জেলা ছাত্রদলের নেতা শিবলি হাসান অমিত, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ জেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।