নগরীর অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে প্রায় ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে রংপুর মহানগর বিএনপি। এ উপলক্ষে সোমবার বিকেলে নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন বলেন, রংপুরের উন্নয়নে দুটি প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। এর মধ্যে নগরীর অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২১০ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দের প্রকল্প রয়েছে।
তিনি বলেন, প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এতে নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন সিটি করপোরেশনের প্রশাসক।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সিনিয়র সদস্য কাওছার জামান বাবলা, বিএনপি নেতা ডা. নিখিলেশ চন্দ্র গুহ রায়, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন ও সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা রংপুরের উন্নয়নে বরাদ্দ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।




