ভোরের আলো ফোটার আগেই খুলনা নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় গুলিতে নিহত হয়েছেন তাওহিদুল ইসলাম (৩২)। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে গুলি করা হয়। পুলিশ বলছে, নিহত ব্যক্তি একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, পূর্ব বানিয়াখামারের আনসার আলী গলির কাছে মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। পরে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। এতে তাওহিদুলের পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কাছাকাছি স্থান থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয়।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, তাওহিদুল কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিকভাবে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, তাওহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা সরাসরি গুলি চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।