ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন তার মেয়ে ডা. মির্জা ফাইজা তাসমীম শামন্তী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর কৈ-বাড়ি মসজিদ মাঠ ও আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক দুটি পথসভায় তিনি বাবার পক্ষে ভোট চান।
পথসভায় ডা. ফাইজা বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। রাজপথের আন্দোলনের পাশাপাশি এলাকার উন্নয়নেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও অবহেলিত এলাকার উন্নয়নের লক্ষ্যেই দল তাকে প্রার্থী করেছে বলে উল্লেখ করেন তিনি।
ধানের শীষের পক্ষে ভোটারদের সাড়া পাওয়ার কথা উল্লেখ করে ডা. ফাইজা বলেন, ভেদাভেদ ভুলে সবাই ভোটাধিকার প্রয়োগ করলে তার বাবার পক্ষে ইতিবাচক ফল আসবে বলে তারা আশাবাদী। এ সময় তিনি বাবার জন্য ভোট ও দোয়া চান।
রাজাগাঁও ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নুরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আবু হায়াত মোহাম্মদ নুরনবী, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মাস্টার এবং ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব কেশব রঞ্জন রায়। এ সময় জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।