সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্রুতগতির ট্রাকের চাপায় আজিজুল হক (৪০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক একই ইউনিয়নের নবদীঘি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নরিনা বাজার থেকে সিমেন্ট কিনে ভ্যানে করে নিজ গ্রামে ফিরছিলেন আজিজুল হক। পথে নাববিলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।