সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে আকরাম সরকার (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। আটক মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে মারুফ আকরামকে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যার পর মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। এক থেকে দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং মারুফকে আটক করে থানায় নিয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শনিবার সকালে জানান, এ ঘটনায় মারুফ বিন হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




