মিয়ানমার থেকে বিভিন্ন পথে বাংলাদেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে অনুদান ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে মাদক উৎপাদিত হয় না; মিয়ানমার থেকে বিভিন্ন উপায়ে এসব মাদক দেশে প্রবেশ করছে। মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি। মাদক বিক্রি ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে টেকনাফের বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৬ জন সদস্যকে জনপ্রতি দুই হাজার টাকা করে মোট ৯২ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ ছাড়া অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পাঁচটি হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ সময় কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহিন নেওয়াজ, টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




