সিরাজগঞ্জে গোখাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রয়োজনীয় অনুমোদন ও পণ্যের মোড়কে তথ্যের ঘাটতি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে মেসার্স খন্দকার ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও উৎপাদিত পণ্যের মান যাচাই করা হয়। এ সময় ট্রেড লাইসেন্স, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রয়োজনীয় নিবন্ধন ও অনুমোদন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি গমের ভুষি কেনাবেচার রসিদ, পণ্যের ওজন ও বিক্রয়মূল্যও পরীক্ষা করা হয়।
এ ছাড়া উৎপাদিত খাদ্যে ভেজাল বা ক্ষতিকর উপাদান মেশানো হচ্ছে কি না, পচা কিংবা ছত্রাকযুক্ত পণ্য বাজারজাত করা হচ্ছে কি না এবং পণ্যের উৎস, উৎপাদনকারী ও সরবরাহকারীর তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না, সেসব বিষয়ও যাচাই করেন অভিযান সংশ্লিষ্টরা।
অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই গোখাদ্য হিসেবে ব্যবহৃত গমের ভুষি উৎপাদন ও বাজারজাত এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল মালেক খন্দকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি ভবিষ্যতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআইয়ের বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
ভোক্তাদের অধিকার সুরক্ষা, পণ্যের মান নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ও বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়।




