সাতক্ষীরা জেলায় ভোরে হাটতে বের হয়ে পরিবহন চাপায় রহিমা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্ভোবর) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
মৃত রহিমা খাতুনের ছেলে শরিফুল ইসলাম জানান, তার মা ভোরে হাঁটতে বের হন। এর কিছুক্ষণ পরেই তিনি খবর পান, যে তার মায়ের মরদেহ সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তার ওপর পড়ে আছে। রাস্তা পার হওয়ার সময় কোন দ্রুতগামী বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে চলে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম নিহতের স্বজন তরিকুল ইসলামের বরাত দিয়ে জানান, রহিমা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




